নির্বাচন কমিশনের বড় ঘোষণা: ভোটার তালিকায় নাম তোলার নিয়ম হয়ে গেল সম্পূর্ণ অনলাইন
নতুন ভোটারদের জন্য ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির নিয়মে এসেছে বড় পরিবর্তন। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন জানিয়েছে, এবার থেকে অফলাইন পদ্ধতিতে আর আবেদন গ্রহণ করা হবে না, নতুন ভোটারদের সকল আবেদন করতে হবে কেবলমাত্র অনলাইনে। ফর্ম-৬ অনলাইনে পূরণ করেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। এই পরিবর্তন ‘বিশেষ নিবিড় সংশোধন’ পর্বের অংশ হিসেবে আনা হয়েছে।
অনলাইন আবেদন প্রক্রিয়ায় আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। আধার নম্বর ব্যবহার করে ‘ই-সাইন’ করার জন্য ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) লাগবে। নির্বাচন কমিশন জানায়, আগামী ৯ ডিসেম্বর নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশিত হবে, এরপর থেকেই নতুন ভোটাররা অনলাইনে নাম তোলার আবেদন করতে পারবেন।
মৃত ভোটারদের তালিকা শুদ্ধ রাখতে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিচ্ছে। ইউআইডিএআই (আধার কর্তৃপক্ষ) পশ্চিমবঙ্গের মৃত ভোটারদের মধ্যে যাদের আধার কার্ড এখনও সক্রিয় রয়েছে, তাদের তথ্য জেলা ভিত্তিক রিপোর্ট আকারে কমিশনের কাছে পাঠিয়েছে। এই তথ্য রাজ্যের ২৪ জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেন, মৃত ব্যক্তির নামে যদি কেউ ভোটার এনুমারেশন ফর্ম জমা দেন, তাহলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি, এই ধরনের ভুলের জন্য জেলা থেকে বুথ স্তর পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মৃত ভোটারের নাম ভোটার তালিকায় আর কোনোভাবেই থাকবে না এবং এই বিষয়ে কমিশনের অবস্থান একেবারে কঠোর।
তবে অনেকের ভোটার কার্ড থাকলেও আধার কার্ড নেই—এমন সংখ্যাও কম নয়। নিরাপত্তার কারণে খসড়া তালিকা প্রকাশের আগে এই তথ্য প্রকাশ করা হবে না। নির্বাচন কমিশনের আশা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা হবে সম্পূর্ণ শুদ্ধ ও নির্ভুল, যেখানে মৃত ব্যক্তিদের নাম থাকবে না।