Tranding
আর্ন্তজাতিক / November 16, 2025

জাপানে ‘সাকুরাজিমা’ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বাতিল শতাধিক বিমান যাত্রা

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি ‘সাকুরাজিমা’ আজ (রবিবার) একাধিকবার অগ্ন্যুৎপাত করেছে। অগ্ন্যুৎপাতের ফলে ৪.৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ধোঁয়া ও ছাই আকাশে ছড়িয়ে পড়ে, যার কারণে দশকেরও বেশি বিমান ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

জাপান আবহাওয়া অধিদপ্তর জানায়, আগ্নেয়গিরিটি প্রথম অগ্ন্যুৎপাত করে শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে, এরপর আরও দুইবার অগ্ন্যুৎপাত ঘটে সকাল ২টা ৩০ মিনিট ও ৮টা ৫০ মিনিটে। প্রতিটি অগ্ন্যুৎপাতেই বিপুল ধোঁয়া ও ছাই নির্গত হয়।

যদিও এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবু কর্তৃপক্ষ কাগোশিমা ও মিয়াজাকি প্রিফেকচারে ছাই পড়ার সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের মাস্ক, ছাতা ব্যবহারসহ সতর্ক থাকার ও ধীরে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

জাপানের আগ্নেয়গিরি সতর্কতার স্কেলে সাকুরাজিমা বর্তমানে তৃতীয় স্তরের সতর্কতায় রয়েছে, যা পাহাড়ি এলাকায় প্রবেশ সীমিত করে।

জাপানি সংবাদমাধ্যম ‘কিয়োডো’ জানিয়েছে, প্রায় ১৩ মাস পর প্রথমবারের মতো সাকুরাজিমার অগ্ন্যুৎপাতের ধোঁয়া ৪ কিলোমিটারের বেশি উচ্চতায় পৌঁছেছে। ছাই পড়ার কারণে কাগোশিমা বিমানবন্দর থেকে অন্তত ৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি সাকুরাজিমা প্রায়শই ছোট-বড় অগ্ন্যুৎপাত ঘটায়। ২০১৯ সালে এই আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই ৫.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে গিয়েছিল।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.