পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন নিয়ে ইউরোপের তীব্র নিন্দা
অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদনের পর ইউরোপের ১৪টি দেশ ইসরায়েলের এই সিদ্ধান্তকে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে। যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্সসহ এসব দেশ এক যৌথ বিবৃতিতে বলেছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি গাজার যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতিকে বিপন্ন করছে এবং মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে কাজ করছিলেন। তারা ইসরায়েলকে এই বসতি স্থাপনের অনুমোদন প্রত্যাহার করার আহ্বান জানান।
বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও যুক্তরাজ্য এই নিন্দা জ্ঞাপন করেন এবং বসতি সম্প্রসারণ ও সংযুক্তি নীতির বিরুদ্ধে স্পষ্ট বিরোধিতা প্রকাশ করেন।
সেই সঙ্গে তারা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ন্যায্য ও স্থায়ী শান্তির প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, ইসরায়েলের কট্টর-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ জানান, বসতি স্থাপনের পরিকল্পনায় কর্তৃপক্ষ সবুজ সংকেত দিয়েছে, যার উদ্দেশ্য ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বাধাগ্রস্থ করা।
এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।