ইউপির আজমগড়ে সম্প্রীতির নজির: মুসলিম প্রতিবেশীদের কবরস্থান তৈরিতে জমি দান হিন্দু পরিবারের
লখনউ, — সাম্প্রদায়িক উত্তেজনা ও সংঘাতের ঘটনায় বারবার শিরোনামে আসা উত্তরপ্রদেশে এবার সামনে এল এক বিরল সম্প্রীতির দৃষ্টান্ত। আজমগড় জেলার হাজিপুর গ্রামে চার হিন্দু ভাই তাঁদের মুসলিম প্রতিবেশীদের কবরস্থানের জন্য জমি দান করেছেন।
হাজিপুরের রামনগরে এক মুসলিম পরিবার সম্প্রতি পরিবারের এক সদস্যের মৃত্যুর পর স্থানীয়ভাবে কবর দেওয়ার জমি না পেয়ে দূরে রসুলপুর গ্রামে সমাধিস্থ করতে বাধ্য হয়। প্রতিবেশীদের এই সমস্যার কথা জেনে এগিয়ে আসেন রাকেশ সিং এবং তাঁর ভাই অখিলেশ, সুধাকর, দীনেশ ও ওঙ্কার। তাঁরা প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের জমি বিনামূল্যে তুলে দেন মুসলিম পরিবারের হাতে।
জমির চারপাশে পাঁচিল এবং লোহার গেট নির্মাণ করা হয়েছে। গেটের সামনে একটি ফলকে রাকেশ সিং এবং তাঁর ভাইদের নাম উল্লেখ করে লেখা রয়েছে যে জমিটি তাঁরা দান করেছেন।
রাকেশ সিং বলেন, “হাজিপুরে মুসলিমদের সংখ্যা কম হওয়ায় এখানে কোনও কবরস্থান ছিল না। তাঁদের দূরে গিয়ে কবর দিতে হত। আমরা সমাজসেবামূলক কাজ করি। জমি ছিল, তাই দিয়ে দিলাম। তাঁরা কিনতে চেয়েছিলেন, কিন্তু আমরা দাম নিইনি।”
মুসলিম পরিবারের সদস্য মুন্নাওয়ার জানান, “এই জমি পাওয়ার ফলে গ্রামে মুসলিমদের আর কবরস্থানের অভাব থাকবে না। পর্যাপ্ত জায়গা রয়েছে, যেখানে বহু কবর দেওয়া সম্ভব হবে।”
গ্রামে মাত্র সাত-আটটি মুসলিম পরিবার থাকলেও এই উদ্যোগে সকলেই স্বস্তি পেয়েছেন। রাকেশ সিংয়ের স্ত্রী মালতী সিং আপনা দলের সঙ্গে যুক্ত থাকলেও তিনি স্পষ্ট করেছেন যে এই কাজের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
সম্প্রতি হাজিপুরের শামলিতে মুসলিমদের মধ্যেই কবরস্থান নিয়ে বিবাদ তৈরি হলেও হাজিপুরে এই ঘটনার মধ্য দিয়ে মানবতার ইতিবাচক উদাহরণ স্থাপন হল।