Tranding

অতিরিক্ত সবুজ চা পান: ৬ ধরনের ঝুঁকি নিয়ে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

স্বাস্থ্যগুণে সমৃদ্ধ সবুজ চা অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে প্রদাহ কমাতে এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করলেও অতিরিক্ত পান করলে তা শরীরে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘ভেরি ওয়েল হেলথ’–এর এক প্রতিবেদনে এসব ঝুঁকির কথা জানানো হয়েছে।

১. হজমের সমস্যা: সাধারণভাবে সবুজ চা নিরাপদ হলেও এর নির্যাসযুক্ত সাপ্লিমেন্ট অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য বা পেটের অস্বস্তির মতো উপসর্গ সৃষ্টি করতে পারে।

২. উচ্চ রক্তচাপের ঝুঁকি: সবুজ চায়ে থাকা ক্যাফেইনের কারণে অতিরিক্ত পান (দৈনিক ৪০০ মিগ্রা ক্যাফেইন অতিক্রম) করলে রক্তচাপ বেড়ে যেতে পারে। পাশাপাশি হৃদস্পন্দন দ্রুত হওয়া, মাথাব্যথা, দুশ্চিন্তা এবং ঘুম কমে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। ক্যাফেইনমুক্ত সবুজ চা বিকল্প হতে পারে।

৩. ঘুমের ব্যাঘাত: ক্যাফেইন ঘুমের মান কমাতে পারে। রাতে সবুজ চা না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। দিনে বেশি ক্যাফেইন নিলেও উদ্বেগ বাড়তে পারে এবং ঘুমের গুণগত মান নষ্ট হতে পারে।

৪. আয়রন শোষণে সমস্যা: সবুজ চায়ে থাকা ক্যাটেচিন নামক যৌগ শরীরে আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে। যাদের আয়রনের মাত্রা কম, তাদের মধ্যে রক্তস্বল্পতার ঝুঁকি বাড়তে পারে। এজন্য খাবারের মাঝে সবুজ চা পান করার পরামর্শ দেওয়া হয়।

৫. লিভারের ক্ষতি: যদিও খুব বিরল, তবু কিছু ক্ষেত্রে সবুজ চায়ের নির্যাসযুক্ত সাপ্লিমেন্ট লিভারের ক্ষতি করতে পারে। বিশেষ করে যাদের জিনগত বা পূর্ববর্তী লিভার সমস্যা রয়েছে তাদের ঝুঁকি তুলনামূলক বেশি।

৬. ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া: অনেক ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে সবুজ চা—বিশেষত বেশি পরিমাণে পান করলে। এর মধ্যে রয়েছে বিটা ব্লকার, রক্ত তরল রাখার ওষুধ, কোলেস্টেরলের ওষুধ, অ্যান্টিডিপ্রেসেন্ট এবং অস্টিওপরোসিসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.