নাইজেরিয়ার মসজিদে বিস্ফোরণ, অন্তত সাত মুসল্লি নিহত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত সাতজন মুসল্লি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় নামাজের সময় এই ঘটনা ঘটে বলে স্থানীয় নিরাপত্তা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গামবোরু বাজার এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজের জন্য মুসল্লিরা একত্রিত হওয়ার পর হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ আহত হন। কেউ কেউ এটিকে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় এক নিরাপত্তা বিশ্লেষকের মতে, এটি পরিকল্পিত হামলা হওয়ার সম্ভাবনাই বেশি।
মসজিদের এক ধর্মীয় নেতা নিহতের সংখ্যা আটজন পর্যন্ত হতে পারে বলে দাবি করলেও সরকারি কর্তৃপক্ষ এখনো হতাহতের চূড়ান্ত সংখ্যা ঘোষণা করেনি। নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।
আহতদের সঠিক সংখ্যা জানা না গেলেও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে একাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ওই এলাকার কাছাকাছি অবস্থানরত আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের কর্মীদের গামবোরু বাজার এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে।
বর্নো রাজ্য দীর্ঘদিন ধরে জঙ্গি সহিংসতার কবলে রয়েছে। বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) নামের সশস্ত্র গোষ্ঠীগুলো এই অঞ্চলে সক্রিয়। ২০০৯ সাল থেকে চলমান এই সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সাম্প্রতিক সময়ে মাইদুগুরিতে বড় ধরনের হামলার সংখ্যা কমলেও গ্রামীণ এলাকাগুলোতে সহিংসতা এখনো অব্যাহত রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
ছবি: সংগৃহীত