Tranding
আর্ন্তজাতিক / December 24, 2025

মস্কোয় থানার সামনে বিস্ফোরণ, দুই পুলিশসহ তিনজনের মৃত্যু

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি পুলিশ থানার সামনে শক্তিশালী বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ তিনজন প্রাণ হারিয়েছেন। বুধবার ভোরে শহরের ইয়েলেতস্কায়া এলাকায় এই ঘটনা ঘটে, যা রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

রুশ তদন্তকারী সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, থানার সামনে দাঁড়িয়ে থাকা এক সন্দেহভাজন ব্যক্তির কাছে দুই পুলিশকর্মী এগিয়ে গেলে তিনি হঠাৎ নিজের কাছে থাকা বিস্ফোরক সক্রিয় করেন। এতে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহত পুলিশ সদস্যদের বয়স ছিল ২৪ ও ২৫ বছর। কর্মকর্তারা জানান, তাঁদের একজনের স্ত্রী ও নয় মাসের একটি সন্তান রয়েছে।

ঘটনার মাত্র দু’দিন আগেই একই এলাকায় একটি গাড়িবোমা হামলায় রুশ সেনাবাহিনীর এক জেনারেলের মৃত্যু হয়েছিল, যার ফলে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল।

এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে রাশিয়ার ভেতরে এর আগেও এ ধরনের ঘটনায় বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তদন্তকারীরা ঘটনার সব দিক খতিয়ে দেখছেন এবং রাজধানীজুড়ে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.