তালিবান বিদেশমন্ত্রীর ভারত সফরের মাঝেই কাবুলে বিস্ফোরণ! পাকিস্তানের হামলার অভিযোগ
আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার রাতে একের পর এক বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি এমন সময় ঘটেছে, যখন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে রয়েছেন। রাজনৈতিক মহলের মতে, এই বিস্ফোরণ আসলে পাকিস্তানের তরফে কাবুলের উদ্দেশে এক বার্তা।
আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এক্স (পূর্বে টুইটার)-এ তিনি লিখেছেন, “বিস্ফোরণের তদন্ত চলছে। সবাই নিরাপদে রয়েছেন।”
তালিবান প্রশাসন নিশ্চিত করেছে যে কাবুলে বিস্ফোরণ ঘটেছে, যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় তথাকথিত “জঙ্গি দমন অভিযানে” বিমান হামলা চালিয়েছে।
কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাকিস্তানি তালিবান (টিটিপি)-এর নেতা নূর ওয়ালি মাসুদকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। তবে টোলো নিউজের হাতে পাওয়া একটি অডিও বার্তায় মাসুদ জানিয়েছেন, তাঁর উপর কোনও হামলা হয়নি, তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন।
তালিবান কর্মকর্তারা এবং আফগান সাংবাদিকদের একাংশও পাকিস্তানের হামলার অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু বিস্ফোরণের সময়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকমহল — কারণ ঠিক এই সময়েই ভারত সফরে রয়েছেন আফগান বিদেশমন্ত্রী, এবং ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শংকরের সঙ্গে তাঁর বৈঠক নির্ধারিত ছিল।