গাজায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত প্রায় চার হাজার আশ্রয়কেন্দ্র—জাতিসংঘ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাম্প্রতিক ঝড়ে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ঝড়ের ফলে উপত্যকার বিভিন্ন এলাকায় প্রায় চার হাজার পরিবারের আশ্রয়কেন্দ্র আংশিক কিংবা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র ফারহান হক বলেন, নানা বাধা ও সীমাবদ্ধতা সত্ত্বেও গাজায় প্রতিদিন মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। তবে চলমান প্রতিবন্ধকতার কারণে সহায়তার গতি ও পরিসর ব্যাহত হচ্ছে।
তিনি জানান, গত সপ্তাহে আঘাত হানা ঝড়ে গাজার অন্তত ৮০টি বাস্তুচ্যুত মানুষের বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় চার হাজার পরিবার নিরাপদ আশ্রয় হারিয়েছে। জরুরি সহায়তার অংশ হিসেবে এখন পর্যন্ত ৬৬০টির বেশি পরিবারকে খাদ্যসামগ্রী, অস্থায়ী তাঁবু ও ত্রিপল সরবরাহ করা হয়েছে।
জাতিসংঘের মুখপাত্র আরও বলেন, গাজায় টেকসই ও দীর্ঘমেয়াদি আশ্রয়ব্যবস্থার প্রয়োজনীয়তা তীব্র আকার ধারণ করেছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত, ধ্বংসস্তূপ অপসারণ, নতুন বসবাসযোগ্য স্থান তৈরি এবং পানি ও স্যানিটেশন ব্যবস্থার পুনর্গঠনকে জরুরি ভিত্তিতে গুরুত্ব দিতে হবে।
এদিকে বানি সুহেইলা ও পূর্ব খান ইউনিস এলাকায় ইসরাইলি সামরিক বাহিনী লিফলেট ছড়িয়ে স্থানীয় বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ওসিএইচএ। সংস্থাটির তথ্য অনুযায়ী, এসব এলাকায় এখনও চার শতাধিক পরিবার অবস্থান করছে।
জাতিসংঘ আবারও জোর দিয়ে বলেছে, যেকোনো পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি মানুষকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।