মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ৪৬ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় একটি কারখানায় পরিচালিত অভিবাসন বিভাগের অভিযানে ৪৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রায় চার ঘণ্টা ধরে এ অভিযান চলে। অভিবাসন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া সহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক সবাইকে লেংগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
এর আগে গত নভেম্বর মাসে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডস এলাকায় অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে ব্যাপক সংখ্যক বিদেশি নাগরিককে আটক করা হয়। ওই অভিযানে ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণস্থল ও কৃষিখামারসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। সেখানে শতাধিক বাংলাদেশি নাগরিকও আটক হন।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে অবস্থান ও কাজ করা বিদেশিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ছবি: সংগৃহীত