বারাসাতে সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট সার্চ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
বারাসাত: সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ট্যালেন্ট সার্চ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বারাসাত পৌরসভার বিদ্যাসাগর সভাপতিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট শিক্ষাবিদ ও গুণীজন।
অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের হাতে মানপত্র ও স্মারক (মেমেন্টো) তুলে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বিশেষ সংবর্ধনায় সম্মানিত করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল ইসলাম, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের উপসচিব ড. আজিজার রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৬ শিক্ষা সম্মাননা প্রদান করে সম্মানিত করা হয় হিঙ্গলগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দিন, মাইনারিটি রিলিফ সোসাইটির সম্পাদক হাফেজ আজিজউদ্দিন, চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সম্পাদক আলহাজ্ব ড. ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি, এম-আর গ্রুপ অফ এডুকেশনের কর্ণধর ড. জাহেদুল সরকার, সুন্দরবন আল-মানার একাডেমির সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, মাদ্রাসা তাজবীদুল কুরআনের সম্পাদক কারী জাবেদ আলি এবং বেঙ্গল মাইনরিটি ফোরামের সম্পাদক সিয়ামত আলী সহ আরও বিশিষ্ট ব্যক্তিদের।
অনুষ্ঠান উপলক্ষে সংস্থার কর্ণধার ও সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, শিক্ষার্থীদের মেধার অন্বেষণ ও তাদের উৎসাহিত করার লক্ষ্যেই প্রতিবছরের মতো এ বছরও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম অধ্যাপক ড. সোহরাব হোসেন। তাঁর স্মৃতিবিজড়িত এই সংস্থাটি ভবিষ্যতেও শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশ্বাস দেন আমন্ত্রিত অতিথিরা।
এদিন মোট ৪২২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।