Tranding
জেলার খবর / December 14, 2025

দেগঙ্গায় ইমাম সংবর্ধনা, ছাত্রছাত্রীদের স্কলারশিপ ও অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা

দেগঙ্গা (উত্তর ২৪ পরগনা), নিজস্ব সংবাদদাতা: আগামী ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের চাঁদপুর নূরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এক বৃহৎ সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনরিটি কাউন্সিল ও অল-বেঙ্গল ইমাম-মোয়াজ্জিন অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল চ্যারিটি ফাউন্ডেশন ও চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করছে চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিল (বয়েজ অ্যান্ড গার্লস) ও চাঁদপুর নূরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা (বয়েজ অ্যান্ড গার্লস)।

অনুষ্ঠানে দেগঙ্গা ব্লকের ৩০০ জন ইমাম সাহেবকে সংবর্ধনা জানানো হবে এবং উপহার হিসেবে শীতবস্ত্র (ব্ল্যাঙ্কেট) প্রদান করা হবে। পাশাপাশি ৩০০ জন ছাত্রছাত্রীকে এসআরএম স্কলারশিপ প্রদান করা হবে। গরিব ও অসহায় রোগীদের সুবিধার কথা মাথায় রেখে ন্যূনতম খরচে অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধনও করা হবে।

এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমাজ, জাতি ও দেশের সেবায় নিয়োজিত বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ৫০ জন গুণী ব্যক্তিকে “মাওলানা আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স” সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে সমাজসেবী, শিক্ষাসেবী, ক্রীড়াবিদ, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, জনপ্রতিনিধি, ইসলামিক স্কলারসহ প্রাক্তন বিচারপতি, প্রাক্তন আইপিএস, প্রাক্তন আইএএস ও ডব্লিউবিসিএস আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এই কর্মসূচির মূল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাসেবী আলহাজ ডক্টর ফিরোজ উদ্দিন জানান, আগামী ৩০ ডিসেম্বরের এই উদ্যোগ দেগঙ্গা ব্লকে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। ভবিষ্যতে জেলার বিভিন্ন ব্লকে পর্যায়ক্রমে এই ধরনের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইংরেজি নববর্ষের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত পাইলট প্রজেক্ট হিসেবে ধারাবাহিক সমাজকল্যাণমূলক কর্মসূচি চলবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠন ও সংস্থাগুলি শুধুমাত্র সমাজসেবা ও উন্নয়নের লক্ষ্যেই কাজ করে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে ইতিবাচক ভূমিকা পালন করবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.