Tranding
জাতীয় খবর / November 30, 2025

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল–সোনিয়ার বিরুদ্ধে FIR, তদন্তে নয়া গতি

ন্যাশনাল হেরাল্ড মামলায় নতুন করে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)। প্রায় এক দশক ধরে চলা মানি লন্ডারিং–সংক্রান্ত এই মামলায় প্রথমবার সরাসরি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ অক্টোবর মামলাটি নথিভুক্ত হয়েছে। ইডির তদন্ত ইউনিটের সহকারী পরিচালক শিব কুমার গুপ্তের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। অভিযোগে বলা হয়েছে—অপরাধমূলক ষড়যন্ত্র, সম্পত্তির অপব্যবহার, বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার মতো ধারায় মামলা শুরু হয়েছে।

এফআইআরে সোনিয়া ও রাহুল গান্ধির পাশাপাশি সুমন দুবে, স্যাম পিত্রোদা, ইয়ং ইন্ডিয়ান, ডটেক্‌স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড, সুনীল ভান্ডারি এবং অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের নাম রয়েছে। অভিযোগ অনুযায়ী, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের মালিকানাধীন দুই হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখল করার উদ্দেশ্যে একটি বিস্তৃত ষড়যন্ত্র করা হয়েছিল, যা ‘ইয়ং ইন্ডিয়ান’-এর মাধ্যমে বাস্তবায়িত হয়। এই সংস্থায় সোনিয়া ও রাহুল গান্ধির শেয়ার ছিল বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে, ২৯ নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ইডির চার্জশিট গ্রহণের সিদ্ধান্ত স্থগিত রাখে। আদালত জানায়, অভিযুক্তদের বক্তব্য শোনার অধিকার রয়েছে। আগামী ১৬ ডিসেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.