ব্রাজিলে কপ৩০ জলবায়ু সম্মেলনের ভেন্যুতে অগ্নিকাণ্ড, আলোচনা স্থগিত
ব্রাজিলের বেলেম শহরে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ৩০-এর প্রধান ভেন্যুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিনিধিতে ভরা একটি প্যাভিলিয়নে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। দ্রুতই ভেন্যু খালি করে দেওয়া হয় এবং উপস্থিত সবাইকে নিরাপদে বের করে আনা হয়। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জাতিসংঘ জানায়, মাত্র ছয় মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভোগা ১৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা সাময়িকভাবে স্থগিত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। বেলেমের পুলিশ এবং ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের নির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে এক প্রত্যক্ষদর্শীর ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত হতে পারে।
বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধি কপ৩০–এ অংশ নিচ্ছেন, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। অগ্নিকাণ্ডের কারণে সেই আলোচনা সাময়িক স্থগিত থাকলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
ছবি: সংগৃহীত