ঢাকুরিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ আগুন, দমকলের ছয় ইঞ্জিনে নিয়ন্ত্রণে
বুধবার সকালে ঢাকুরিয়া সেতুর কাছে গড়িয়াহাট রোডের এক তিনতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির নিচতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা ছিল। সকাল ছ’টার কিছু পরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ঘন কালো ধোঁয়া বেরোতে দেখে দমকলকে খবর দেন।
দমকলের ছ’টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় বিপদ এড়ানো গেছে।
ব্যাঙ্কের লকারে রাখা গ্রাহকদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে। তবে নথিপত্রের কিছু ক্ষতি হয়েছে কি না, তা ব্যাঙ্ক খোলার পরেই জানা যাবে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্যাঙ্ক ম্যানেজার ও স্থানীয় কাউন্সিলর মধুছন্দা দেব।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
প্রতিনিধিত্বমূলক ছবি