৫ ঘণ্টা পরও আগুন জ্বলছে শাহজালাল বিমানবন্দরে, বন্ধ উড়োজাহাজ চলাচল
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় দেশের প্রধান বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, কার্গো ভিলেজে আগুন লাগার পরই উড়োজাহাজ চলাচল নিরাপত্তার স্বার্থে স্থগিত করা হয়।
অন্যদিকে সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করছেন। তিনি বলেন, “সকলের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।”
শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের ইউনিট সংখ্যা বাড়িয়ে মোট ৩৬টি ইউনিট মোতায়েন করা হয়। আগুন নিয়ন্ত্রণে রোবট ব্যবহারের কথাও জানানো হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ২ প্লাটুন বিজিবিও মোতায়েন রয়েছে।