অযোধ্যায় বিস্ফোরণে ধসে পড়ল বাড়ি, মৃত অন্তত পাঁচ, উদ্ধারকাজ অব্যাহত
নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশের অযোধ্যায় ভয়াবহ বিস্ফোরণে ভেঙে পড়ল একটি বাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে পাগলা ভারি গ্রামে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রাথমিক হিসাবে জানা গিয়েছে, ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েক জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে।
বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও দমকল বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে এখন পর্যন্ত পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়েছে, কয়েক জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। কেউ কেউ দাবি করেছেন, বাড়িতে বিস্ফোরক পদার্থ মজুত ছিল; আবার অনেকে বলছেন, গ্যাস সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে প্রশাসন এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
অযোধ্যার সার্কেল অফিসার শৈলেন্দ্র সিং জানিয়েছেন, ‘‘তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি গ্যাস সিলিন্ডার বা প্রেসার কুকার বিস্ফোরণ হতে পারে।’’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসন আশপাশের বাড়িগুলি খালি করে দিয়েছে এবং নাগরিকদের ঘটনাস্থল থেকে দূরে থাকতে অনুরোধ করেছে।
ছবি :সংগৃহীত