বিচার ছাড়াই পাঁচ বছর তিহারে: উমর খালিদের কঠিন মাইলফলক
প্রাক্তন ছাত্র নেতা এবং এনআরসি-বিরোধী আন্দোলনের অন্যতম মুখ উমর খালিদ বিচার ছাড়াই তিহার জেলে কাটালেন টানা পাঁচ বছর। ২০২০ সালের সেপ্টেম্বরে দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় ইউএপিএ আইনে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি এখনো বিচারাধীন বন্দি হিসেবেই কারাগারে রয়েছেন।
মানবাধিকার কর্মী, ছাত্র সংগঠন এবং বহু রাজনৈতিক নেতা এই দীর্ঘ বন্দিত্বের তীব্র সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, ন্যায়বিচারের মৌলিক নীতি অনুযায়ী দ্রুত বিচার প্রত্যেক নাগরিকের অধিকার, অথচ উমর খালিদের ক্ষেত্রে সেই অধিকার বারবার অস্বীকৃত হয়েছে।
খালিদের সমর্থকরা মনে করিয়ে দিচ্ছেন, তিনি ছিলেন সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর। তাঁর এত দীর্ঘ কারাবাসকে তাঁরা ভিন্নমত দমনের প্রচেষ্টা হিসেবে দেখছেন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, একই মামলার একাধিক সহ-আসামি জামিন পেলেও খালিদের জামিন আবেদন বারবার খারিজ হয়েছে। বিচার না হয়েও টানা পাঁচ বছর জেলে থাকার ঘটনা শুধু তাঁর ব্যক্তিগত জীবনের নয়, বরং ভারতের গণতন্ত্র ও ন্যায়বিচার ব্যবস্থার ওপরও গভীর প্রশ্ন তুলছে।