হায়দরাবাদে মেসির উপস্থিতিতে ফুটবল উৎসব, রাহুল গান্ধী পেলেন সই করা জার্সি
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির নৈপুণ্যে শনিবার হায়দরাবাদে তৈরি হলো উৎসবের আবহ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ ফুটবল অনুষ্ঠানে মাঠে নেমে নিজের চেনা দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
শনিবার দুপুরে কলকাতা থেকে হায়দরাবাদে পৌঁছন মেসি। সন্ধ্যায় প্রদর্শনীমূলক ম্যাচ ও আনুষ্ঠানিক কর্মসূচিতে তিনি অংশ নেন। মাঠে তাঁর সঙ্গে ছিলেন সতীর্থ রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ। সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে আয়োজন হওয়ায় গ্যালারি থেকে খুব কাছ থেকেই মেসির খেলা দেখার সুযোগ পান ফুটবলপ্রেমীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। স্টেডিয়াম পরিদর্শনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ বল খেলতেও দেখা যায় মেসিকে। আলোকসজ্জায় সজ্জিত স্টেডিয়াম চত্বর জুড়ে ছিল আনন্দ ও উচ্ছ্বাস।
অনুষ্ঠানের শেষ দিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হাতে নিজের সই করা একটি জার্সি তুলে দেন লিওনেল মেসি। ফুটবলপ্রেমীদের একাংশের মতে, দেশের অন্য প্রান্তে যেসব প্রত্যাশা পূরণ হয়নি, হায়দরাবাদের এই আয়োজনেই তার প্রতিফলন দেখা গেল।
ছবি: সংগৃহীত