নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কী, মোদীর শুভেচ্ছা
বঙ্গ দর্পণ , অনলাইন:শুক্রবার সকালে শপথগ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে তিনি শান্তি ও সহযোগিতার বার্তা দেন। মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, “নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বগ্রহণের জন্য মাননীয়া সুশীলা কার্কীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। নেপালের মানুষের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।” এর আগে ভারতের বিদেশ মন্ত্রকও কার্কীকে স্বাগত জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আশ্বাস দেয়। ৭২ বছরের সুশীলা কার্কী নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন। প্রবল গণবিক্ষোভের মুখে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলে দেশ রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে। সাময়িকভাবে সেনার হাতে ক্ষমতা গেলেও তরুণ প্রজন্ম ও আন্দোলনকারীদের জোর দাবিতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় কার্কীকে। শর্ত হিসেবে তিনি অন্তত এক হাজার লিখিত সমর্থন চান, যেখানে শেষ পর্যন্ত আড়াই হাজারেরও বেশি স্বাক্ষর জমা পড়ে। তবে প্রধানমন্ত্রী পদে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুল মান ঘিসিং এবং কাঠমান্ডুর মেয়র তথা র্যাপার বলেন্দ্র শাহের নামও আলোচনায় উঠেছিল। সব জটিলতা কাটিয়ে শুক্রবার রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল কার্কীকে শপথ বাক্য পাঠ করান। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী কার্কী আপাতত ছয় মাস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সামলাবেন। পরবর্তী সাধারণ নির্বাচন নেপালে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৫ মার্চ।