সিপিআইএম-এর প্রবীণ নেত্রী ও প্রাক্তন রাজ্যসভা সাংসদ চন্দ্রকলা পান্ডের প্রয়াণ
কলকাতা: সিপিআইএম সদস্যা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ কমরেড চন্দ্রকলা পান্ডে আজ বৃহস্পতিবার অপরাহ্ন আড়াইটে উত্তর কলকাতার এক সরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সিপিআইএম-এর পক্ষ থেকে তাঁকে লাল সেলাম জানিয়ে পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
চন্দ্রকলা পান্ডে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। ধীর-স্থির স্বভাব, অমায়িক ব্যবহার ও সহকর্মী-ছাত্রছাত্রীদের সঙ্গে গভীর সম্পর্কের জন্য তিনি সবার কাছে সম্মানীয় হয়ে ওঠেন।
১৯৯৩ সালের ১৯ আগস্ট থেকে শুরু করে দুই দফায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে তিনি রাজ্যসভায় নির্বাচিত হন। টানা ১২ বছর (১৮ আগস্ট ২০০৫ পর্যন্ত) সাংসদ হিসেবে নিষ্ঠা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গের বাম রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।