Tranding
জাতীয় খবর / December 4, 2025

উত্তরপ্রদেশে ভয়াবহ সড়কদুর্ঘটনায় প্রাণ গেল চার চিকিৎসকের, মৃতদের মধ্যে দুই বাঙালি

উত্তরপ্রদেশের আমরোহা জেলায় ৯ নম্বর জাতীয় সড়কে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় চার ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই জনের বাড়ি পূর্বভারতে—একজন পশ্চিমবঙ্গের বেলঘরিয়ায়, আরেকজন ত্রিপুরায়। বেলঘরিয়ার বাসিন্দা হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ বছরের অর্ণব চক্রবর্তী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতের দিকে ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করা চার চিকিৎসক একটি গাড়িতে বেরিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে কয়েক কিলোমিটার দূরেই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চলন্ত গাড়ি রাস্তায় পার্ক করা একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে গাড়ির ভিতরেই আটকে যায় চার চিকিৎসকের দেহ। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় থাকা দুর্ঘটনার কারণ হতে পারে। ঘটনাস্থল থেকে মদের বোতল ও খাবারের প্যাকেট উদ্ধার হয়েছে বলে জানান তদন্তকারীরা।

তবে অর্ণব চক্রবর্তীর পরিবার পুলিশের এই দাবি মানতে নারাজ। তাঁদের কথায়, অর্ণব মদ্যপান করতেন না, এমনকি গাড়িও চালাতেন না। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা নিয়ে দফায় দফায় প্রশ্ন উঠছে পরিবার ও পরিচিত মহলে।

চারজনই ছিলেন ২০২০ ব্যাচের ছাত্র এবং MBBS শেষ করে ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করছিলেন। তাঁদের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বেলঘরিয়ার চক্রবর্তী পরিবারেও নেমে এসেছে গভীর শোক।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.