মণিপুরে গুলির লড়াই: চার জঙ্গি নিহত, চলছে তল্লাশি অভিযান
মণিপুরে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয়েছে চার জঙ্গি। মঙ্গলবার ভোরে চূড়াচান্দপুর জেলার খাঁপি গ্রামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী জানতে পারে যে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (UKNA)-এর একদল জঙ্গি খাঁপি গ্রামে আশ্রয় নিয়েছে। এর পরই গ্রামটি ঘিরে অভিযান শুরু করে বাহিনী।
অভিযান চলাকালীন উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই হয়, তাতে চার জঙ্গি নিহত হয় এবং একজনকে জীবিত আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় ১৭ জন জঙ্গি ওই গ্রামে লুকিয়ে ছিল। বাকিরা পালিয়ে যায়। পলাতকদের সন্ধানে অসম রাইফেলস ও পুলিশের যৌথবাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে।
উল্লেখ্য, গত মার্চ মাসে চূড়াচান্দপুরের হেংলেপ গ্রামে ইউকেএনএ-র একটি বড় ঘাঁটি ধ্বংস করেছিল নিরাপত্তাবাহিনী। পরে জুলাইয়ে কুকি ন্যাশনাল আর্মি (KNA)-র এক নেতাকে হত্যা করার পর ইউকেএনএ-র বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়।
ছবি: সংগৃহীত