আমতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চার জনের মৃত্যু
হাওড়া জেলার আমতা এলাকার জয়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে একটি বাড়িতে আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে প্রাণ হারান নবম শ্রেণির এক ছাত্রী-সহ পরিবারের চার সদস্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমতা জয়পুরের ঝামটিয়া এলাকার সাউড়িয়া গ্রামে ওই ঘটনাটি ঘটে। গভীর রাতে হঠাৎ করেই বাড়ির ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পরিবারের চার জন ঘরের মধ্যেই আটকে পড়েন এবং বেরোতে না পেরে তাঁদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন ভারু দলুই (৮০), দুধকুমার দলুই (৪৫), তাঁর স্ত্রী রত্না দলুই (৩৫) এবং তাঁদের কন্যা শম্পা দলুই (১৫), যিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন। দুধকুমার দলুইয়ের আর এক পুত্র রয়েছেন, যিনি কাজের সূত্রে ভিন্রাজ্যে থাকায় ঘটনার সময় বাড়িতে ছিলেন না।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বিভাগকে জানায়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাড়ির ভিতর থেকে চার জনের দেহ উদ্ধার করা হয়।
আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।