Tranding

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ফরাসি ফটোসাংবাদিক, আহত ইউক্রেনীয় সাংবাদিক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসে শুক্রবার একটি ড্রোন হামলায় ফরাসি ফটোসাংবাদিক অ্যান্থনি লালিকান (৩৭) নিহত হয়েছেন এবং ইউক্রেনীয় সাংবাদিক হিয়োরহি ইভানশেঙ্কো আহত হয়েছেন বলে সাংবাদিক সংগঠনগুলো জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়াকে এই হামলার জন্য দায়ী করেছেন।

ইউরোপীয় ও আন্তর্জাতিক সাংবাদিক ইউনিয়ন এবং ফরাসি সাংবাদিকদের জাতীয় সংগঠন এক বিবৃতিতে ঘটনাটিকে “যুদ্ধাপরাধ” হিসেবে নিন্দা জানায় এবং দোষীদের শনাক্তে তদন্তের আহ্বান জানায়। এটি ইউক্রেনে ড্রোন হামলায় প্রথম সাংবাদিক নিহতের ঘটনা বলে সংগঠনটি জানায়।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “আমাদের নাগরিক ইউক্রেনের সেনাদের সঙ্গে সামনের সারিতে ছিলেন। তাঁর মৃত্যু আমাকে গভীরভাবে শোকাহত করেছে।” তিনি বলেন, “এটি রুশ ড্রোন হামলার ফল।”

হামলায় নিহত লালিকান ফ্রান্সের বিখ্যাত পত্রিকা Le Monde, Le Figaro, Libération এবং ম্যাগাজিন Paris Match ছাড়াও জার্মান ম্যাগাজিন Der Spiegel-এর সঙ্গে কাজ করতেন। তিনি ২০১৮ সাল থেকে ফটোগ্রাফি সংস্থা Hans Lucas-এর সঙ্গে যুক্ত ছিলেন।

সাংবাদিকদের সংখ্যা নিয়ে বিভিন্ন সংস্থার হিসাব ভিন্ন হলেও, ইউনেসকো জানিয়েছে, ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অন্তত ২২ সাংবাদিক ইউক্রেনে নিহত হয়েছেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.