যুক্তরাষ্ট্র ও কানাডায় নতুন করে বৃষ্টি ও বন্যার আশঙ্কা
টানা ভারী বৃষ্টির পর যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ও কানাডার কিছু এলাকায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে আবহাওয়াবিদদের সতর্কবার্তা, ক্ষতিগ্রস্ত কয়েকটি অঞ্চলে আগামী দিনে আবারও ভারী বৃষ্টি হতে পারে, যার ফলে নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
দুই দেশের কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের শুরুতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর জেরে নদীর পানি আবারও বিপৎসীমা ছাড়াতে পারে এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।
সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও পুরোপুরি নির্ধারণ করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সরকারি সূত্র ও স্থানীয় গণমাধ্যমের খবরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্য এবং সংলগ্ন কানাডীয় অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানা গেছে।
ছবি ও ভিডিওতে দেখা গেছে, বহু নদী উপচে পড়েছে, জলমগ্ন হয়েছে সড়ক ও কৃষিজমি। শুধু ওয়াশিংটন অঙ্গরাজ্যেই প্রায় এক লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। কিছু এলাকায় হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
—ফাইল ছবি