Tranding
জাতীয় খবর / February 11, 2026

মণিপুরে ফের উত্তেজনা, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

মণিপুরে নতুন করে জাতিগত সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। রাজ্যের লিটান এলাকায় মঙ্গলবার সকালে একাধিক বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, অন্তত ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছে বলেও জানা গেছে।

নাগা ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে চলমান টানাপোড়েনের আবহে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়েছে বলে প্রশাসনের অনুমান। এর আগে গত রবিবার ও সোমবার দুই পক্ষের সংঘর্ষে প্রায় ২৫ থেকে ৩০টি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। মঙ্গলবার ফের নতুন করে আগুন লাগানোর ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।

স্থানীয়দের দাবি, গত শনিবার রাতে এক ট্যাংখুল নাগা যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। সেই ঘটনার পর থেকেই এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হয়, যা পরবর্তী সময়ে হিংসাত্মক রূপ নেয়।

পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে দুই সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকও হয়েছে। সেখানে শান্তি ও সংযম বজায় রাখার আবেদন জানানো হলেও পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি।

প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে।

ছবি: সংগৃহীত। 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.