গাজায় কার্যক্রম গুটিয়ে নিল ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’, তীব্র সমালোচনা আন্তর্জাতিক মহলে
যুক্তরাষ্ট্রের সমর্থিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ ব্যাপক অভিযোগ ও সমালোচনার পর গাজায় তাদের কার্যক্রম সমাপ্ত করার ঘোষণা দিয়েছে। শনিবার এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক জন অ্যাকরি জানান, দক্ষিণ ইসরায়েল থেকে যুদ্ধবিরতি তদারকির জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত নতুন সিভিল–মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার গঠনের পর তাদের মনে হয়েছে—সংস্থার কাজ শেষ করার এটাই ‘উপযুক্ত সময়’।
অ্যাকরি আরও বলেন, তারা কয়েক সপ্তাহ ধরে ওই সমন্বয় কেন্দ্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা চালিয়ে আসছিলেন।
এদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। জাতিসংঘের হিসাব অনুযায়ী, খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা শত শত ফিলিস্তিনি সংস্থাটির বিতরণ কেন্দ্রগুলোর সামনে নিহত হয়েছেন। এসব ঘটনার পর সংস্থাটির ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন—গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্ত চালাতে এবং “এটির দায় এড়িয়ে যাওয়ার সুযোগ না দিতে।”