পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানাল জার্মানি
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের নতুন করে শত শত আবাসন ইউনিট নির্মাণের অনুমোদনকে কঠোর ভাষায় সমালোচনা করেছে জার্মান সরকার। বার্লিনের মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার পরিপন্থী।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, পশ্চিম তীরে আরও প্রায় ৭৫০টি নতুন বসতি ইউনিট নির্মাণের সিদ্ধান্ত জার্মানি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। তাঁর ভাষায়, ২০২৫ সালজুড়ে প্রায় ৩০ হাজার নতুন বসতি ইউনিট অনুমোদনের তথ্য অত্যন্ত উদ্বেগজনক এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
মুখপাত্র বলেন, বসতি নির্মাণ শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বরং আন্তর্জাতিক বিচার আদালত যে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেছে, তা বাস্তবায়নের পথেও বড় বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে এটি পশ্চিম তীরে দীর্ঘদিনের দখলদারিত্ব অবসানের সম্ভাবনাকেও ক্ষুণ্ন করছে।
দ্বি-রাষ্ট্র সমাধানের লক্ষ্য হলো—ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থান। তবে বর্তমান ইসরাইলি নেতৃত্ব এ ধারণার বিরোধিতা করে আসছে।
জার্মান সরকারের পক্ষ থেকে ইসরাইলকে অবিলম্বে বসতি নির্মাণ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বসতি সম্প্রসারণ কিংবা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে দখলকৃত এলাকা সংযুক্ত করার যেকোনো পদক্ষেপও জার্মানি প্রত্যাখ্যান করে বলে বিবৃতিতে জানানো হয়।
জার্মানি মনে করছে, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের পথে এগোনো ছাড়া বিকল্প নেই।
ছবি: সংগৃহীত