Tranding
জেলার খবর / November 2, 2025

সংখ্যালঘু উন্নয়নে দিকনির্দেশনা: বারাসাতে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ড. আবদুস সাত্তারের গুরুত্বপূর্ণ বৈঠক

বঙ্গ দর্পণ সংবাদদাতা, বারাসাত: রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ড. আবদুস সাত্তারের উপস্থিতিতে বারাসাত সার্কিট হাউসে শনিবার সংখ্যালঘু উন্নয়ন নিয়ে এক তাৎপর্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অংশ নেন বেঙ্গল মাইনরিটি ফোরামের শীর্ষ নেতৃত্বরা।

বৈঠকে রাজ্যের সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়ন সম্পর্কিত নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে এসআইআর (SIR) এবং ওবিসি শ্রেণির শিক্ষার্থীদের উন্নয়ন, সরকারি বৃত্তি প্রকল্পের সম্প্রসারণ এবং ওবিসি সার্টিফিকেট প্রাপ্তির জটিলতা নিরসনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তোলা হয়।

ফোরামের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে বঞ্চিত জনগোষ্ঠীর বাস্তব চিত্র তুলে ধরেন এবং প্রশাসনিক স্তরে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সব বক্তব্য মনোযোগসহকারে শোনেন ড. আবদুস সাত্তার এবং সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সর্বদা অঙ্গীকারবদ্ধ। সরকার নিশ্চিত করছে যে সরকারি প্রকল্পের সুফল প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায়।”

বৈঠকে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপসচিব ড. আজিজার রহমান, বেঙ্গল মাইনরিটি ফোরামের সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক সিয়ামত আলি, সহ-সম্পাদক আবু সিদ্দিক খান, শেখ ফিরোজ উদ্দিনসহ আরও অনেকে।

এই বৈঠক রাজ্যের সংখ্যালঘু উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.