Tranding

আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ৪

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী স্পিন বোলদাক এলাকায় শুক্রবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলিতে অন্তত চার জন নিহত হয়েছেন এবং আরও কয়েক জন আহত হয়েছেন। আফগানিস্তানের স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার জন্য আফগানিস্তানের তালিবান প্রশাসন এবং পাকিস্তান সরকার–দু’পক্ষই একে অপরকে দায়ী করেছে। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার পর এই সংঘর্ষকে নতুন উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে। দুই মাস আগে একই সীমান্ত এলাকায় ভয়াবহ সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন।

পাকিস্তানের একটি সরকারি সূত্র জানিয়েছে, এবার যে হামলা হয়েছে তাতে ভারী অস্ত্র, মর্টার শেল এবং অন্যান্য বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। লড়াই মূলত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ ও আফগানিস্তানের কান্দাহার অঞ্চলের মধ্যবর্তী সীমান্তে ঘটে।

পাকিস্তান বর্ডার ফোর্সের এক কর্মকর্তা জানান, গোলাগুলি প্রায় দুই ঘণ্টা ধরে চলে এবং তা ছিল “অত্যন্ত তীব্র ও ভয়াবহ”। তাঁর দাবি, তালিবানপন্থী যোদ্ধারাই প্রথমে সাধারণ মানুষের দিকে গুলি ছোড়ে।

অন্যদিকে আফগান তালিবান সরকারের মুখপাত্র বলেছেন, পাকিস্তানই প্রথম হামলা চালায় এবং তাঁদের বাহিনী কেবল পাল্টা জবাব দিয়েছে।

গত অক্টোবর মাসে পাকিস্তানি বিমানবাহিনীর আফগানিস্তনের বিভিন্ন এলাকায় পরিচালিত হামলার পর সীমান্তে উত্তেজনা বাড়তে শুরু করে। সেই হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক স্থানে কথিত সীমান্ত–পারের হামলায় জড়িত এক মিলিশিয়া নেতাকে লক্ষ্য করা হয়।

কাতারের মধ্যস্থতায় গঠিত একটি নাজুক যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, তবে সাম্প্রতিক ঘটনার পর দুই দেশের সম্পর্ক আবারও অস্থিরতার দিকে ঝুঁকছে বলে মনে করা হচ্ছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.