Tranding

হামাসের শর্ত: ইজরায়েল দখল ছাড়লে অস্ত্রসমর্পণে প্রস্তুত সংগঠন

সংঘর্ষবিরতি বলবৎ হলেও ইজরায়েল–হামাসের উত্তেজনা এখনও কমেনি। এমন পরিস্থিতিতেই নিরস্ত্রীকরণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল হামাস। সংগঠনের তরফে জানানো হয়েছে, গাজা থেকে ইজরায়েলি সেনা সম্পূর্ণভাবে সরলে প্যালেস্টাইন কর্তৃপক্ষের কাছে অস্ত্র জমা দেবে তারা।

হামাসের আলোচনাকারী দলের প্রধান খলিল আল হায়া একটি বিবৃতিতে জানান, ইজরায়েলের দীর্ঘদিনের আগ্রাসনই তাদের অস্ত্রধারণের কারণ। তাঁর কথায়, “ইজরায়েল আগ্রাসন বন্ধ করলেই আমরা আমাদের সমস্ত অস্ত্র প্যালেস্টাইন সরকারের হাতে তুলে দেব।” তিনি আরও স্পষ্ট করেন, তাঁর কাছে ‘প্যালেস্টাইন সরকার’ বলতে বোঝায় একটি স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র।

খলিল আল হায়া আরও জানান, গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও সীমান্ত নজরদারির জন্য আন্তর্জাতিক বাহিনীর প্রস্তাবে হামাস রাজি। তবে শুধুমাত্র হামাসকে নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে বিদেশি বাহিনী মোতায়েন করা হলে তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

২০২৩ সাল থেকে ইজরায়েল–হামাস যুদ্ধের জেরে গাজা ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর শান্তি ফেরাতে ‘গাজা পিস প্ল্যান’ নামে একটি প্রস্তাব রাষ্ট্রসংঘে পাশ হয়। সেই পরিকল্পনায় গাজায় অন্তর্বর্তী প্রশাসন গঠন, আন্তর্জাতিক শান্তিবাহিনী নামানো এবং নিরস্ত্রীকরণের মতো নানা বিষয় উল্লেখ ছিল। যদিও এই প্রস্তাবের বিরোধিতা করে হামাস জানায়, এতে প্যালেস্টাইনিদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।

এই অবস্থায় আবারও নিরস্ত্রীকরণ নিয়ে হামাসের নতুন মন্তব্য আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.