রাজনৈতিক রূপান্তর ভাবছে হামাস — যুদ্ধ–পরবর্তী বাস্তবতায় দল গঠনের প্রস্তাব আলোচনায়
ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের ধাক্কা কাটিয়ে গাজা উপত্যকার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে ফিলিস্তিনি সংগঠন হামাস তাদের ভবিষ্যৎ দিক–নির্দেশনা নিয়ে অভ্যন্তরীণ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছে বলে সংগঠনের একাধিক সূত্র জানিয়েছে।
হামাসের গাজা এবং বিদেশভিত্তিক রাজনৈতিক নেতৃত্ব—উভয় পক্ষের প্রতিনিধিরা বর্তমানে এমন একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছেন, যাতে সংগঠনটিকে সশস্ত্র আন্দোলনের বাইরে এনে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপান্তরের চিন্তা রাখা হয়েছে।
সূত্রগুলো জানায়, হামাসের কয়েকজন জ্যেষ্ঠ নেতা একটি খসড়া প্রস্তাবপত্র দাখিল করেছেন। ওই পত্রে বলা হয়েছে—ইসলামী জাতীয়তাবাদী বিভিন্ন রাজনৈতিক দলের মতো হামাসও একটি আইনসম্মত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, যা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করতে সক্ষম হবে।
এই প্রস্তাব ইতোমধ্যে হামাসের রাজনৈতিক ব্যুরো, শুরা কাউন্সিল, সর্বোচ্চ নেতৃত্ব পরিষদ এবং সংগঠনের আরও কিছু শাখায় পাঠানো হয়েছে।
প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়েছে যে, সংগঠনটির দীর্ঘমেয়াদি টিকে থাকা নিশ্চিত করতে একটি বিস্তৃত ফিলিস্তিনি পুনর্মিলন উদ্যোগ প্রয়োজন। এর মধ্যে রয়েছে—
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনে (পিএলও) অংশগ্রহণ
পিএলও-র পুনর্গঠন ও সংস্কার
সর্বদলীয় জাতীয় ঐকমত্য
রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ
সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবটি রাজনৈতিক রূপান্তরকে এমনভাবে এগিয়ে নিতে চায়, যা হামাসকে তার বর্তমান সশস্ত্র অবস্থানের বাইরে এনে ভবিষ্যতে একটি প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করাতে পারে।
গাজার কঠিন মানবিক সংকট ও অব্যাহত বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত শরণার্থী শিবিরের ছবি তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে—যুদ্ধ–পরবর্তী শূন্যতায় নতুন রাজনৈতিক গঠন নিয়ে আলোচনা এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও গুরুত্ব পাচ্ছে।