ইসরাইলি হামলায় গাজায় হামাসের শীর্ষ আর্থিক কর্মকর্তা নিহত
গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় হামাসের একজন শীর্ষ আর্থিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার এক বিবৃতিতে তারা জানায়, প্রায় দুই সপ্তাহ আগে চালানো এক অভিযানে এই হামলা ঘটে।
ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়, ১৩ ডিসেম্বর গাজায় পরিচালিত ওই হামলায় হামাসের সামরিক কমান্ডার রায়েদ সাদ নিহত হন। ইসরাইলি দাবি অনুযায়ী, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে চালানো হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।
ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অ্যাভিখাই আদ্রেয় জানান, ওই সময় রায়েদ সাদের সঙ্গে একই গাড়িতে ছিলেন হামাসের আর্থিক বিভাগের কর্মকর্তা জাকুত। ইসরাইলি বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে দু’জনই নিহত হন।
আদ্রেয় জানান, জাকুত হামাসের সশস্ত্র শাখার অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। গত এক বছরে সংগঠনের জন্য বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ ও বিভিন্ন স্থানে তা স্থানান্তরের কাজে তিনি যুক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে।
এর আগে ১৪ ডিসেম্বর হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া রায়েদ সাদ ও তার সহযোগীদের মৃত্যুর বিষয়টি স্বীকার করলেও জাকুতের নাম তখন উল্লেখ করা হয়নি।
ইসরাইলের সামরিক বাহিনী আরও জানায়, রায়েদ সাদ হামাসের অস্ত্র উৎপাদন কার্যক্রমের নেতৃত্বে ছিলেন এবং সংগঠনটির সামরিক শক্তি বাড়ানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে গাজা উপত্যকায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চালু রয়েছে। তবে ইসরাইল ও হামাস পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করে আসছে, ফলে পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তেজনাপূর্ণ।
ছবি: সংগৃহীত