স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ: খাবারে পেঁয়াজের খোসা যোগ করুন, ফেলবেন না!
কায়রো: পেঁয়াজ প্রতিদিনের রান্নায় অপরিহার্য হলেও, এর খোসা সাধারণত ফেলে দেওয়া হয়। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজের খোসা শরীরের জন্য দারুণ উপকারী হতে পারে।
স্বাস্থ্যবিষয়ক পোর্টাল ‘হেলথ’ জানিয়েছে, পেঁয়াজের খোসা স্যুপে বা গুঁড়ো করে অন্য খাবারে যোগ করলে এর পুষ্টিগুণ বৃদ্ধি পায় এবং খাদ্য অপচয়ও কমে।
পুষ্টিবিদ এরিন প্যালিনস্কি-ওয়েড বলেন, পেঁয়াজের বাইরের খোসায় ভিটামিন এ, সি ও ই সহ নানা অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে।
বিশেষ করে লাল পেঁয়াজের খোসায় থাকে ‘অ্যান্থোসায়ানিন’, আর হলুদ পেঁয়াজের খোসায় থাকে ‘কুয়ারসেটিন’, যা ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক।
গবেষণায় দেখা গেছে, পেঁয়াজের খোসায় ভেতরের স্তরের তুলনায় ১২ গুণ বেশি কুয়ারসেটিন থাকে। এছাড়া এতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে, যা হজমে সহায়তা করে ও রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, খোসা কাঁচা অবস্থায় না খাওয়াই ভালো, কারণ এটি হজমে কঠিন ও গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে। সামান্য পরিমাণে ধুয়ে রান্নায় ব্যবহার করলেই সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।