সৌদি আরবে তীব্র বর্ষণ, বন্যার সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ এবং ঝড়ো আবহাওয়ার প্রভাব বেড়েছে। মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় এখনো মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ঝড় চলছে। দেশটির আবহাওয়া অধিদফতর সতর্ক করেছে, যদি পরিস্থিতি দ্রুত উন্নতি না হয়, তাহলে অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের রিপোর্ট অনুযায়ী, হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতেও মৃদু থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। পাশাপাশি বেশ কিছু স্থানে কুয়াশাও বিরাজ করছে।
মরুভূমির দেশ হিসেবে পরিচিত সৌদিতে এই ধরনের ভারী বর্ষণ স্বাভাবিক নয়, তবে গত কয়েক বছরে মাঝে মাঝে এমন ঝড়ো আবহাওয়া দেখা দিয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, লোহিত সাগরে তৈরি গভীর নিম্নচাপের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। লোহিত সাগর থেকে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ১৮ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, যা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
পারস্য উপসাগরেও ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে এবং সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আরও বন্যার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।