Tranding
আর্ন্তজাতিক / December 26, 2025

তানজানিয়ার কিলিমাঞ্জারো পর্বতে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত পাঁচ

আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো পর্বতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বলে বৃহস্পতিবার তানজানিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে।

তানজানিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি প্রায় ৪,৭০০ মিটার উচ্চতায় বারাফু ক্যাম্পের কাছে ভেঙে পড়ে। এতে থাকা পাঁচজনই ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

স্থানীয় পুলিশ প্রধান সিমন মিয়াগওয়া জানান, হেলিকপ্টারটি একটি উদ্ধার অভিযানে অংশ নিচ্ছিল। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

নিহতদের মধ্যে একজন জিম্বাবুয়ের নাগরিক পাইলট এবং দু’জন চেক প্রজাতন্ত্রের পর্যটক ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে তানজানিয়ায় একাধিক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০২২ সালে ভিক্টোরিয়া হ্রদে একটি বিমান ভেঙে পড়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ১৯৯৯ সালে সেরেনগেটি জাতীয় উদ্যান ও কিলিমাঞ্জারো বিমানবন্দরের মাঝপথে একটি বিমান দুর্ঘটনায় বেশ কয়েকজন পর্যটক প্রাণ হারান।

বিশ্বখ্যাত কিলিমাঞ্জারো পর্বত, যার উচ্চতা প্রায় ৫,৮৯৫ মিটার, বরফঢাকা চূড়ার জন্য পরিচিত এবং এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী এলাকা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.