মহারাষ্ট্রে ইতিহাস: প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পওয়ার
মহারাষ্ট্রের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো শনিবার। রাজ্যের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন সুনেত্রা পওয়ার। রাজভবনে আয়োজিত বিশেষ শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
সম্প্রতি এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের আকস্মিক প্রয়াণের পর রাজ্য রাজনীতিতে তৈরি হয় গভীর শূন্যতা। সেই পরিস্থিতিতে শোকাতুর হলেও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে এনসিপি নেতৃত্ব ও দলের বিধায়কদের সর্বসম্মত সিদ্ধান্তে সুনেত্রা পওয়ারকে সামনে আনা হয়। ৬২ বছর বয়সে রাজ্যের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব গ্রহণ করলেন তিনি।
শপথ গ্রহণের পর সুনেত্রা পওয়ারকে আবগারি দফতর, ক্রীড়া ও যুব কল্যাণ এবং সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সুনেত্রা পওয়ারকে অভিনন্দন জানান। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সুনেত্রা পওয়ারকে আন্তরিক শুভেচ্ছা। রাজ্যের মানুষের কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন—এই বিশ্বাস আমার রয়েছে।”
রাজনৈতিক মহলের মতে, অভিজ্ঞতা ও সংগঠনিক দক্ষতার মাধ্যমে সুনেত্রা পওয়ার রাজ্য প্রশাসনে স্থিতি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে মহারাষ্ট্রের রাজনীতিতে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও এই ঘটনা একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।