Tranding
আর্ন্তজাতিক / November 30, 2025

হংকঙে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৪৬; জনরোষ বাড়ছে, অস্থিরতা সৃষ্টির বিষয়ে বেইজিং-এর সতর্কতা

হংকঙের একটি আবাসিক কমপ্লেক্সে গত বুধবার ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৪৬ জনে দাঁড়িয়েছে। রোববার ঘটনাটি কেন্দ্র করে শহরজুড়ে ক্ষোভ বাড়তে থাকায় বেইজিং সতর্ক করে জানিয়েছে—এই ট্র্যাজেডিকে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহার করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুটি সূত্রের বরাতে জানা গেছে, শনিবার পুলিশ এমন একজনকে গ্রেপ্তার করেছে, যিনি সরকারের জবাবদিহি, সম্ভাব্য দুর্নীতি তদন্ত, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ভবন–নিয়ন্ত্রণ ব্যবস্থার পুনর্মূল্যায়নের দাবিতে একটি অনলাইন পিটিশন চালু করা দলের সদস্য ছিলেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইলস কওন, যাকে “বিদ্রোহ উসকে দেওয়ার চেষ্টা”–র অভিযোগে আটক করা হয়েছে।

শনিবার দুপুরের আগেই অনলাইন পিটিশনে ১০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেন। পরে তাই পো এলাকার একজন প্রবাসী বাসিন্দা একই দাবিতে আরেকটি পিটিশন চালু করেন।

অগ্নিকাণ্ডে চীনের মূল ভূখণ্ড–সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সাতটি উঁচু আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি হংকঙে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়, এবং ১৫০ জন এখনো নিখোঁজ রয়েছে।

২০১৯ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভের স্মৃতি এখনো তাজা থাকায় সরকার কোনো ধরনের নতুন জনঅস্থিরতা এড়াতে সতর্কভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। চীনের জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষও জনগণকে সতর্ক করেছে—এই দুর্ঘটনাকে রাজনৈতিক অশান্তি তৈরির উপায় হিসেবে ব্যবহার করা যাবে না।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.