রিয়াংয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা: ২০০ ফুট খাদে পড়ল গাড়ি, মৃত ২, আহত ৮
উত্তরবঙ্গের কালিম্পঙ জেলার রিয়াং এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে সিকিম থেকে শিলিগুড়ির দিকে আসার সময় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও আট জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে চালক-সহ মোট ১০ জন যাত্রী ছিলেন। আচমকা গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন এবং থানায় খবর দেন।
খবর পেয়ে রিয়াং থানার পুলিশ এবং জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন সংস্থা (এনএইচআইডিসিএল)-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহতদের রম্ভি হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
মৃতদের পরিচয় হিসেবে ময়নাগুড়ির বাসিন্দা তুষার বর্মন এবং বর্ধমানের বাসিন্দা সুমিত মালির নাম জানা গিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন রংপোর বাসিন্দা রাম বাহাদুর ছেত্রী, জলপাইগুড়ির গৌতম রায়, শিলিগুড়ির নির্মা শেরপা ও সাগর শর্মা, গ্যাংটকের অনুজকুমার প্রসাদ এবং বীরভূমের সবুজ কুমার ঘোষ। এখনও দু’জন আহত যাত্রীর পরিচয় শনাক্ত করা যায়নি।
কালিম্পঙ জেলা পুলিশের এক কর্তা জানান, কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ছবি: আনন্দবাজার পত্রিকা