স্বাস্থ্যের জন্য কতটা উপকারী মাশরুম? জানাচ্ছেন বিশেষজ্ঞরা
স্বাস্থ্যকর খাদ্যতালিকায় মাশরুমের গুরুত্ব দিন দিন বাড়ছে। পুষ্টিবিদ ও গবেষকদের মতে, মাশরুমে এমন কিছু অনন্য পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি অসুখের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, মাশরুমে এমন ধরনের খাদ্যআঁশ (ফাইবার) রয়েছে যা অধিকাংশ সবজিতে সচরাচর দেখা যায় না। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বিটা গ্লুকান’—এক ধরনের ফাইবার যা সাধারণত ওটস ও যবের মতো শস্যে পাওয়া যায়। তবে মাশরুমে থাকা বিটা গ্লুকান শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয়ভাবে সহায়তা করে বলে জানাচ্ছেন পুষ্টিবিজ্ঞানীরা।
এছাড়াও মাশরুমে রয়েছে ‘কাইটিন’ নামের আরেক ধরনের ফাইবার, যা সহজে হজম হয় না এবং সরাসরি বৃহদান্ত্রে পৌঁছে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান খাদ্যাভ্যাসে বেশিরভাগ মানুষ পর্যাপ্ত ফাইবার পান না, সে ক্ষেত্রে নিয়মিত মাশরুম খাওয়া একটি সহজ ও কার্যকর সমাধান হতে পারে।
পুষ্টি সংক্রান্ত তথ্য অনুযায়ী, এক কাপ কাঁচা শিটাকে মাশরুমে প্রায় ৪ গ্রাম ফাইবার থাকে। যেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রয়োজন গড়ে ২১ থেকে ৩৮ গ্রাম ফাইবার, সেখানে মাশরুম সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
মাশরুমে শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্টও রয়েছে। এর মধ্যে ‘এরগোথিওনিন’ ও ‘গ্লুটাথায়ন’ উল্লেখযোগ্য, যা কোষের ক্ষয় রোধ করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, শরীরে এরগোথিওনিনের মাত্রা বেশি থাকলে হৃদ্রোগের ঝুঁকি এবং অকাল মৃত্যুর সম্ভাবনা তুলনামূলকভাবে কম হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, মাশরুম হলো ভিটামিন বি-এর একটি ভালো উৎস, যা বিপাকক্রিয়া ও স্নায়ুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া মাশরুম সূর্যালোকের সংস্পর্শে এলে ভিটামিন ডি উৎপন্ন করতে পারে—যা সাধারণত খুব কম খাবারেই প্রাকৃতিকভাবে পাওয়া যায়। রোগপ্রতিরোধ ক্ষমতা, হাড়ের শক্তি ও পেশির স্বাস্থ্যের জন্য ভিটামিন ডি অত্যন্ত জরুরি।
পুষ্টিবিদদের পরামর্শ, রান্নার আগে ১৫ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত রোদে কেটে রাখা মাশরুম শরীরে প্রয়োজনীয় ভিটামিন ডি সরবরাহে সহায়ক হতে পারে।
মাশরুম খাওয়ার ক্ষেত্রেও নিয়মিততা গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। এটি কম ক্যালোরি ও কম চর্বিযুক্ত হলেও স্বাদে সমৃদ্ধ। হালকা ভাজা, গ্রিল বা রোস্ট করলে এর স্বাদ আরও ভালো হয়। তবে দীর্ঘ সময় উচ্চ তাপে রান্না করলে পুষ্টিগুণ কিছুটা নষ্ট হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।
সব মিলিয়ে, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে মাশরুম খাওয়া সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত বিশেষজ্ঞদের।