ইনস্ট্যান্ট নুডলস অতিরিক্ত খাওয়া শরীরে কীভাবে প্রভাব ফেলে? বিশেষজ্ঞদের সতর্কবার্তা
ইনস্ট্যান্ট নুডলস বা ঝটপট তৈরি করা যায় এমন নুডলস বিশ্বজুড়ে বহু মানুষের প্রিয় খাবার—সহজ প্রস্তুতি, দ্রুত রান্না এবং আকর্ষণীয় স্বাদের কারণে। তবে এই নুডলস অতিরিক্ত খেলে শরীরে নানা ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেনডেন্ট–এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণ একটি ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটে ৬০০ থেকে ১৫০০ মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম থাকে—যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সুপারিশকৃত দৈনিক সীমা (২০০০ মিলিগ্রামের কম)–এর কাছাকাছি। অতিরিক্ত সোডিয়াম গ্রহণ হৃদ্যন্ত্র ও কিডনির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
এ ছাড়াও এসব নুডলস সাধারণত পরিশোধিত গম থেকে তৈরি হয়, ফলে এতে খাদ্যআঁশের পরিমাণ খুবই কম। কম আঁশযুক্ত খাদ্যাভ্যাসের সঙ্গে অন্ত্রের সমস্যা, টাইপ–২ ডায়াবেটিস এবং অন্ত্রের ক্যানসারের ঝুঁকি বাড়ার সম্পর্ক রয়েছে।
ইনস্ট্যান্ট নুডলসে প্রোটিনের পরিমাণও কম। ফলে খাওয়ার পর সাময়িকভাবে পেট ভরলেও এই তৃপ্তি খুব অল্প সময় স্থায়ী হয়। ডিম বা মাংসের মতো প্রোটিন যোগ না করলে দ্রুত ক্ষুধা ফিরে আসে—যা দীর্ঘমেয়াদে স্থূলতার ঝুঁকি বাড়াতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, মাঝে মাঝে নুডলস খেলে ক্ষতি নেই, কিন্তু এটি নিয়মিত বা অধিক পরিমাণে খাওয়া বিপজ্জনক। গবেষণায় দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা সপ্তাহে দুই বারের বেশি ইনস্ট্যান্ট নুডলস খান, তাদের মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি—বিশেষ করে নারীদের ক্ষেত্রে।
মেটাবলিক সিনড্রোম এমন একটি স্বাস্থ্যাবস্থা যেখানে কয়েকটি শারীরিক সমস্যা একসঙ্গে দেখা দেয়, যা হৃদ্রোগ, ডায়াবেটিস এবং অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়ায়।
সুষম খাদ্যাভ্যাসে ইনস্ট্যান্ট নুডলসকে স্বাস্থ্যকরভাবে অন্তর্ভুক্ত করতে বিশেষজ্ঞরা নুডলসের সঙ্গে শাকসবজি, ডিম, মাংস অথবা স্বাস্থ্যকর চর্বি যোগ করার পরামর্শ দিয়েছেন।