‘আমি ভারত ও মোদীর খুব কাছের’, ব্রিটেন সফরে ট্রাম্পের সুর নরম, আমেরিকার হুঁশকিতে কাজ হচ্ছে না: রাশিয়ার খোঁচা
ব্রিটেন সফরে গিয়ে ফের ভারত প্রসঙ্গে নরম সুরে শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, “আমি ভারতের খুব কাছের। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও খুব কাছের। সম্প্রতি ওঁকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো।”
ট্রাম্প একইসঙ্গে ইউরোপীয় দেশগুলিকে রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন। তাঁর বক্তব্য, বিশ্বে তেলের দাম কমাতে হবে, তাহলেই রাশিয়া আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে।
এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ পাল্টা সওয়াল ছুড়ে দেন। তিনি বলেন, “ভারত ও চিন প্রাচীন সভ্যতা। তাদের বলা হয়েছে আমেরিকার নির্দেশ না মানলে শুল্ক চাপানো হবে। কিন্তু এই কৌশল ব্যর্থ হয়েছে। হোয়াইট হাউসও সেটা বুঝতে পারছে।”
প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল আমদানি চালু রাখায় ভারতের বহু পণ্যের ওপর আমেরিকা ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবু ভারত মস্কো থেকে তেল কিনে চলেছে। লাভরভ বলেন, নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য কার্যত কোনও ক্ষতির কারণ হচ্ছে না। সূত্র: আনন্দবাজার