আলিগড়ে ইমামকে মারধর, ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগে উত্তেজনা
আলিগড়, উত্তরপ্রদেশের আলিগড় জেলায় এক ইমামকে মারধর করে জোরপূর্বক ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে লোধা থানার অন্তর্গত লক্ষ্মণপুর ভগবানপুর গ্রামের একটি মসজিদে।
অভিযোগ অনুযায়ী, ওই মসজিদের ইমাম মাওলানা করিম মুস্তাকিমকে উগ্র জনতা টার্গেট করে শারীরিকভাবে আক্রমণ চালায়। ইমামের দাড়ি ধরে টানা হয়, টুপি খুলে নেওয়া হয় এবং তাঁকে বারবার ‘কাঠমুল্লা’ ও ‘পাকিস্তানি’ বলে গালিগালাজ করা হয়। এমনকি তাঁকে ‘পাকিস্তানে চলে যেতে’ বলার পাশাপাশি জোর করে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করা হয়।
মাওলানা করিম অভিযোগ করেছেন, তাঁকে লাঠি, রড দিয়ে পেটানো হয়েছে, লাথি ও থাপ্পড় মারা হয়েছে। তিনি আরও দাবি করেছেন, কয়েক সপ্তাহ ধরেই তিনি একই ধরনের হয়রানির শিকার হচ্ছেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনো মুসলিম-বিরোধী উদ্দেশ্য নেই। তবে মানবাধিকার সংগঠনগুলির মতে, এটি ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা সহিংসতারই সাম্প্রতিক উদাহরণ।
উল্লেখ্য, ২০২২ সালে ঝাড়খণ্ডের জামশেদপুরেও অনুরূপ ঘটনা ঘটেছিল। সেখানেও এক মুসলিম ছাত্রকে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় মারধর করা হয়েছিল।