গুজরাতে চিকিৎসার পথে অ্যাম্বুল্যান্সে আগুন, নবজাতকসহ চারজনের মর্মান্তিক মৃত্যু
গুজরাতের আরাবল্লি জেলার মোদাসা শহরে হাসপাতালে স্থানান্তরের পথে অ্যাম্বুল্যান্সে আগুন লেগে নবজাতক, এক চিকিৎসক ও এক নার্সসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটে এই ভয়াবহ ঘটনা।
পুলিশ জানায়, জন্মের কিছু সময় পরই নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মোদাসা থেকে আহমেদাবাদের একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাম্বুল্যান্সে শিশুটির পর্যবেক্ষণের জন্য ছিলেন এক চিকিৎসক এবং এক নার্স। শিশুটির বাবা ও দুই আত্মীয়ও সঙ্গে ছিলেন।
মোদাসা–ধানসুরা রাস্তায় চলার সময় হঠাৎ অ্যাম্বুল্যান্সটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পেছনের দরজা খুলতে না পেরে ভেতরে থাকা চারজন বেরোতে পারেননি। জানলা ভাঙারও সুযোগ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
অ্যাম্বুল্যান্সের চালক ও শিশুর দুই আত্মীয় আগুন ছড়িয়ে পড়ার আগে লাফিয়ে বাইরে বেরোতে সক্ষম হলেও বাকিদের রক্ষা করা যায়নি। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়—নবজাতক, শিশুটির বাবা জিগনেশ মোচি, চিকিৎসক শান্তিলাল রেন্টিয়া এবং নার্স ভুরিবেন মনত।
গাড়ি থেকে লাফিয়ে বাঁচা তিনজনও আগুনে দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ছবি: সংগৃহীত