বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা ও ময়মনসিংহের হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ জানাল ভারত
বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি এবং ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রবিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রতিবেশী দেশের পরিস্থিতির উপর ভারত সরকার সতর্ক ও নিবিড় নজর রাখছে।
তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবর ভারতের কাছে অত্যন্ত উদ্বেগজনক। ময়মনসিংহে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ নিয়মিতভাবে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে বলেও জানান তিনি।
এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও স্পষ্ট করেন, শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে যে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল, তা নিয়ে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে। তাঁর দাবি, সেখানে মাত্র ২০ থেকে ২৫ জন তরুণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন এবং অল্প সময়ের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দূতাবাসে প্রবেশের কোনও চেষ্টাই করা হয়নি বলে তিনি জানান।
প্রসঙ্গত, ‘ইনকিলাব মঞ্চ’-এর পরিচিত মুখ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটেই ভারতের পক্ষ থেকে এমন মন্তব্য ও উদ্বেগ প্রকাশ করা হল।