Tranding
জাতীয় খবর / October 9, 2025

তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত, বিদেশমন্ত্রীর সফরে পতাকা নিয়ে দোটানায় দিল্লি

নয়াদিল্লি, ৯ অক্টোবর ২০২৫: আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এক সপ্তাহের সফরে ভারতে এসেছেন। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালিবানের ক্ষমতা দখলের পর এই প্রথম তালিবান সরকারের কোনও শীর্ষ নেতা ভারত সফরে এলেন। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

তবে মুত্তাকির সফরকে কেন্দ্র করে একটি কূটনৈতিক দোটানায় পড়েছে নয়াদিল্লি। ভারত এখনও তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। দিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসে এখনও ওড়ে পুরনো আফগান পতাকা, যা ছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির সময়ের প্রতীক। তালিবানের নতুন পতাকা — সাদা পটভূমিতে কালো অক্ষরে শাহাদা — ওড়ানোর অনুমতি দেয়নি ভারত।

সাধারণ নিয়ম অনুযায়ী, কোনও বিদেশি প্রতিনিধির সঙ্গে বৈঠক বা সরকারি ছবি তোলার সময় ভারতের তেরঙার পাশে সংশ্লিষ্ট দেশের পতাকা রাখা হয়। কিন্তু তালিবান সরকারের পতাকা এখনো স্বীকৃতি না পাওয়ায়, ভারতের পাশে কোন পতাকা থাকবে, তা নিয়ে বিপাকে পড়েছেন কর্মকর্তারা।

চলতি বছরের শুরুর দিকে দুবাইয়ে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি মুত্তাকির সঙ্গে দেখা করেছিলেন। তখন পতাকা ব্যবহার না করে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। তবে এবার ভারতে তাঁর সরকারি সফর হওয়ায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

আফগানিস্তানের সঙ্গে ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন করে পরীক্ষার মুখে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ছবি: আনন্দবাজার

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.