‘অদ্ভুত নাটক করছেন পাক প্রধানমন্ত্রী’! রাষ্ট্রপুঞ্জে শরিফের কাশ্মীর মন্তব্যের কড়া জবাব দিল ভারত
জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাশ্মীর নিয়ে মন্তব্যের তীব্র জবাব দিল ভারত। শনিবার ভারতের প্রতিনিধি পেটাল গহলৌত বলেন, ‘‘সকালে পাক প্রধানমন্ত্রী কিছু অদ্ভুত নাটক করেছেন। আবারও সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার চেষ্টা করেছেন।’’
তিনি পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতদানের ইতিহাস তুলে ধরেন এবং মনে করিয়ে দেন, ‘‘এই সেই দেশ যেখানে বছরের পর বছর ওসামা বিন লাদেন আশ্রয় পেয়েছিল।’’
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে গহলৌত অভিযোগ করেন, পাকিস্তান রাষ্ট্রসংঘে টিআরএফ-কে আড়াল করার চেষ্টা করেছিল।
এর আগে শরিফ বলেন, ‘‘কাশ্মীরের মানুষদের পাশে আছে পাকিস্তান। ভারতের অত্যাচার একদিন বন্ধ হবেই।’’ এছাড়া সিন্ধু জলচুক্তি নিয়েও নয়াদিল্লিকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি।
বর্তমানে নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বার না গেলেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লির পক্ষ থেকে বক্তব্য রাখবেন।