গাজায় মানবিক সাহায্য পাঠাবে ভারত, পুনর্গঠনে অংশ নেবে নয়াদিল্লি; ট্রাম্পের শান্তি উদ্যোগের প্রশংসা
১৫ অক্টোবর ২০২৫: যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি পুনর্গঠনের কাজে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মিশরের শর্ম-আল-শেখে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলনে’ ভারতের প্রতিনিধি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ এ তথ্য জানান।
প্রথম ধাপে গাজার বাসিন্দাদের জন্য ওষুধ, খাদ্যসামগ্রী, তাঁবু, কম্বলসহ জরুরি ত্রাণ পাঠানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। দ্বিতীয় ধাপে গাজার জল ও নিকাশি ব্যবস্থার পুনর্নির্মাণে ভারত সহায়তা করবে। আমেরিকার অনুমান অনুযায়ী, গাজা পুনর্গঠনে প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার খরচ হতে পারে।
রাষ্ট্রপুঞ্জের তথ্য বলছে, দু’বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে গাজায় প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। সেই ধ্বংসাবশেষ সরাতে ও পুনর্নির্মাণ সম্পূর্ণ করতে কয়েক দশক সময় লাগতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নয়াদিল্লি সর্বদা কূটনৈতিক আলোচনার মাধ্যমে পশ্চিম এশিয়ার সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায়। ভারত ডোনাল্ড ট্রাম্পের শান্তিপরিকল্পনা ও মিশর ও কাতারের মধ্যস্থতার ভূমিকাকে সমর্থন জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় শান্তি ফেরাতে ২০ দফা প্রস্তাব দিয়েছেন। ইজরায়েল ও হামাস উভয়েই প্রস্তাবের প্রথম ধাপে রাজি হয়েছে। শর্ত অনুযায়ী, হামাস ইতিমধ্যে ২০ জন ইজরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে। ট্রাম্পের মধ্যস্থতায় এই অগ্রগতি আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।
ছবি: ফাইল চিত্র