ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি শীঘ্রই, শুল্কে বড় ছাড়ের সম্ভাবনা: রিপোর্ট
নয়াদিল্লি: ভারত ও আমেরিকার মধ্যে বহু প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি শীঘ্রই স্বাক্ষরিত হতে চলেছে বলে দাবি করেছে শীর্ষ সরকারি সূত্র। ইংরেজি দৈনিক মিন্ট-এর প্রতিবেদনে জানানো হয়েছে, দুই দেশের আলোচনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এবং আসন্ন আসিয়ান সম্মেলনের আগেই চূড়ান্ত ঘোষণা হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের উপর আরোপিত মার্কিন শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ১৫–১৬ শতাংশে নামতে পারে। ট্রাম্প প্রশাসন দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই এই বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল।
সূত্রের খবর, আলোচনার মূল জট ছিল দুগ্ধ ও কৃষিজাত পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের বাজার খোলা এবং রাশিয়ান তেল আমদানি ইস্যু নিয়ে। তবে সরকারি কর্মকর্তাদের দাবি, এই বাধা শীঘ্রই কেটে যাবে। চুক্তির অংশ হিসেবে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে তেল আমদানি কমাবে এবং বিকল্প হিসেবে মার্কিন ইথানল আমদানি শুরু করবে।
বিশেষজ্ঞদের মতে, রাশিয়া থেকে তেল কেনা কমালে ভারতের জ্বালানি খরচ কিছুটা বাড়তে পারে, তবে নতুন চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
চুক্তির আওতায় মার্কিন ভুট্টা ও সয়াবিনের ভারতীয় বাজারে প্রবেশও বাড়তে পারে বলে জানা গেছে।
ছবি: আনন্দবাজার